
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ঈদ উপহার সামগ্রী নিয়ে চার যজম কন্যা দোয়েল, কোয়েল, ময়না, টিয়া-দের বাড়িতে গেলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও তার সহধর্মিণী মেহেনাজ খান বাঁধন এবং তাদের পুত্র ও কন্যা। আজ বুধবার দুপুরে তাদের পরিবারের প্রত্যেকের ঈদের পোষাক, ফলমূল, মিষ্টি ও বাচ্চাদের ঈদের সালামি তুলে দেন।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।ওই যমজ চার কন্যার পরিবারের জীবিকার সুবিধার্থে একটি ফল বাগান করার যোগ্য জমি কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রসঙ্গত, গত ৯ মে ২০২৩ তারিখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র দম্পতি মাহবুল-কল্পনার ঘর আলো করে আসে চার যমজ কন্যা। পরদিনই জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্থানীয় ক্লিনিকে তাদের দেখতে যান। যমজ চার কন্যার পিতা-মাতার ইচ্ছানুযায়ী জেলা প্রশাসক তাদের নামকরণ করেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।
এছাড়া তিনি তাদের প্রত্যেকের বড় নামও রেখে দেন ও পাঁচদিনের মধ্যেই প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিত করেন। বাচ্চাদের জন্য পরিবারটির হাতে অর্থ সহায়তা তুলে দেয়ার পাশাপাশি নিয়মিত তাদের খোঁজখবর রাখেন জেলা প্রশাসক। তারই ধারাবাহিকতায় দেড় মাস পর বুধবার দুপুরে পরিবারটিকে ঈদের শুভেচ্ছা জানাতে যান জেলা প্রশাসক ও তাঁর পরিবার।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ভাল থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক দোয়েল, কোয়েল, ময়না, ও টিয়া।
প্রতিনিধির নাম 











