
কলকাতা প্রতিনিধি :
ভারতের আশা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনে বাংলাদেশের কবি সাবনিরা ইসলাম নীড় ‘একুশ শতকের সেরা বাঙালি ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২১ জানুয়ারি কলকাতার সল্টলেকের এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সাহিত্য, সংস্কৃতি ও সমাজক্ষেত্রে বিশেষ অবদান রাখা মোট ২০ জন বিশিষ্ট বাঙালিকে এই সম্মাননায় ভূষিত করা হয়। বিশ্ব বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তাঁদের সৃজনশীল অবদান, চিন্তাশীলতা এবং সামাজিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
কবি সাবরীনা ইসলাম নীড় তাঁর কবিতায় সমকালীন সমাজ, মানবিক বোধ, প্রেম ও প্রতিবাদের ভাষাকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করে ইতোমধ্যে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর এই অর্জনে অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সম্মাননা গ্রহণকালে কবি সাবরীনা ইসলাম নীড় বলেন, “এই স্বীকৃতি আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও। বাংলা ভাষা ও সাহিত্যের জন্য আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এটি আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে আশা ফাউন্ডেশনের সভাপতি ও আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বব্যাপী প্রসারে দুই বাংলার সেতুবন্ধন আরও দৃঢ় করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে গুণী বাঙালিদের সম্মানিত করা হবে।
এই সম্মাননায় ভূষিত হওয়ায় দেশ-বিদেশের সাহিত্যাঙ্গনে কবি সাবরীনা ইসলাম নীড়কে অভিনন্দন জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক 

























