
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২১ ও ২২ শে জানুয়ারী দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬ তম বিজ্ঞান মেলা) এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ‘জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ মেলায় আগত বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের মেলায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন স্টল, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় তারুণ্যের উৎসব উপলক্ষে লোকজ ও কারু শিল্পের স্টল, পিঠা পুলির উৎসব স্টল, উজ্জ্বল ও হাসান লাইব্রেরীর সহযোগিতায় বইমেলার স্টলসহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং কুইজ প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা এবং কলেজের শিক্ষার্থীরা সিনিয়র ও জুনিয়র গ্রুফে ২৬টি স্টলে তাদের বিভিন্ন ধরণের প্রযুক্তিজ্ঞান সম্পন্ন উদ্ভাবনামূলক পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করে। অপর দিকে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা এবং কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ বুধবার অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 






















