
মাঘের শীতে বাঘ তো কাঁপে না; বরং দিনের বেলায় কড়া সূর্যের তেজে কোথাও কোথাও গরমে ঘামানোর অবস্থাই তৈরি হয়! পঞ্জিকার পাতায় বর্তমানে ভরা ‘শীতকাল’। মৌসুমের এই সময়ের ‘স্বাভাবিক’ তাপমাত্রার তুলনায় গত কয়েকদিনে রাত ও দিনের তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বে অবস্থান করছে। তাছাড়া ঘন কুয়াশা এবং উত্তরের কনকনে হিমেল হাওয়া আপাতত বলতে গেলে নেই। মাঘ মাসের তৃতীয় দিনে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে (দিনের সর্বোচ্চ তাপমাত্রা) কক্সবাজার ও টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনি¤œ তাপমাত্রা (রাতের সর্বনিম্ন তাপমাত্রা) ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সে.। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ঢের বেশি! গতকাল দেশের কোথাও ছিল না শৈত্যপ্রবাহ।
রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮.১ এবং সর্বনিম্ন ১৬.৯ ডিগ্রি সে.। চট্টগ্রামের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০.৫ এবং সর্বনিম্ন ১৭.২ ডিগ্রি সে.। প্রায় সারা দেশে গতকাল দিনের তাপমাত্রার পারদ ছিল ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে! রাতের সর্বনিম্ন তাপমাত্রাও অধিকাংশ স্থানে ১৫ থেকে ১৬ ডিগ্রিতে! যা মৌসুমের এ সময়ের স্বাভাবিক তাপমাত্রা স্তরের চেয়ে বেশিই। এ অবস্থায় দেশের অনেক জায়গায় শীতের অনুভূতির পরিবর্তে ছিল ফাল্গুনের বসন্তকালীন আবহাওয়ার আমেজ। শ্রমজীবী, কর্মজীবী, হতদরিদ্র, নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য এই আবহাওয়া অপার স্বস্তিকর। তবে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামীকাল রোববার থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পেতে পারে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সূত্র: https://dailyinqilab.com/national/article/723328
প্রতিনিধির নাম 













