আপডেট সময় :
১১:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১২১
Time View
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের অফিসের ডিজিটাল ডিসপ্লেতে বাংলাদেশ আওয়ামীলীগ লেখা ভেসে উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলা চত্ত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লেতে এ লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের অফিসের সামনে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সকলে দেখতে ছুটে আসে। তবে বিষয়টি নির্বাচন কমিশনের চাকুরিরত নৈশপ্রহরী আলমঙ্গীর জানতে পারলে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নৈশপ্রহরী আলমঙ্গীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যারপর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ লেখাটি ভেসে ওঠে। ওই সময় এক পথচারী লেখাটি দেখে চিৎকার দেয়। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ রাখা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেখ মাসুম বিল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।