
আমাদের আন্দোলন ছিল সারা বাংলাদেশ মেরামতের আন্দোলন * বক্তব্যে আরও বলেন, এখনো এই যুদ্ধ শেষ হয়নি, এখনো বিজয় আসেনি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক সফলতায় বিভিন্ন বেসরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে সমাপ্তি হয়। পরে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাইদ সিদ্দিক।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, প্রিয় ছাত্র-জনতা পৃথিবীর ইতিহাসে ঘটেনি এমন কালো রাত, কালো দিন। শত শত ছাত্র-জনতার জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত, হাজার হাজার জেলখানায় বন্দি করেও যাদের দমাতে পারেনি তারাই আজকের ছাত্র-জনতা। এখনো এই যুদ্ধ শেষ হয়নি, এখনো বিজয় আসেনি। কারণ এটি একটি সরকার বা সরকার প্রধানের বিরুদ্ধে আন্দোলন ছিল না। আমাদের আন্দোলন ছিল সারা বাংলাদেশ মেরামতের আন্দোলন। ছাত্ররা এখনো আতঙ্কিত। আমরা চাই, যেভাবে আমরা প্রিয় ছাত্রদের পাশে থেকে জীবন বাজি রেখেছিলাম তেমনিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ডুসাকের সেক্রেটারি মোস্তফা ইকবাল হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক সাজিদ সেতু। সমাপনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়েত শিক্ষার্থী ও সমন্বয়ক আব্দুল্লাহ আল মুবিন রিফাত।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমরা বিগত দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম যে, তুমি আমাদের এই জালিমের জুলুম থেকে রক্ষা করো। আমাদের দোয়া কবুল করো। রাব্বুল আলামীন আমাদের দোয়া কবুল করেছে।
বক্তারা আরও বলেন, আজকে আমরা যে বিজয় নিয়ে এখানে দাঁড়িয়েছি সে বিজয় আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। না হলে বাংলাদেশে ফ্যাসিস্টরা সরকার কায়েম করে আমাদের উপর চড়ে বসবে। আমাদেরকে শাসন করে, শোষণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করে দিবে। ভবিষ্যতে যে সরকার আসবে সেটা যেন জনগণের সরকার হয়, সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন, পুসাকের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক সুজন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইমন, সহ প্রচার সম্পাদক, সুজন আহমেদ, পুসাকেত সাবেক আহবায়ক মেশকাত আহমেদসহ বিভিন্ন বেসরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশেষ সংবাদদাতা 
















