
১০ বছর আগের একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই কারাদণ্ডের আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম। কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাভোগ করতে হবে।
আলালের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম এবং তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেন। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আবদুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
অনলাইন ডেস্ক 















