
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, ক্ষেতমজুরদের সারাবছরের কাজের ব্যবস্থা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, বয়স্কভাতা মাসিক ৫ হাজার টাকায় উন্নীত করা, তৈল, গ্যাস ও জ্বালানীর মূল্য কমানে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ মাদকের ভয়াবহতা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোমবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বাসদ সমন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদল-এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লা, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসান হাবীব সাঈদ, জেলা ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার, গোবিন্দগঞ্জ বাগদা ফার্মের কৃষক নেতা গণেশ মুর্মু প্রমুখ। এসময় বাম গণতান্ত্রিক জোটের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সমগ্র সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রফ্রন্ট আহবায়ক ছাত্রনেতা কামরুল হাসান বসুনিয়া। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সভায় বক্তারা উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, যাতে কৃষকরা উৎপাদন খরচ তুলে লাভবান হতে পারেন। গ্রামীণ ক্ষেতমজুরদের জন্য বছরের ১২ মাসেই কাজের সুনির্দিষ্ট ব্যবস্থা নিশ্চিতকরণ ছাড়াও বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে সবধরনের শ্রমিকের জন্য বৈষম্যহীন ও ন্যায্য মজুরি নির্ধারণ করা। বয়স্ক নাগরিকদের সুরক্ষা দিতে মাসিক বয়স্কভাতার পরিমাণ বাড়িয়ে ন্যূনতম ৫ হাজার টাকা করা এবং তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানির মূল্য কমানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সহনীয় রাখাসহ তরুণ সমাজকে রক্ষা করতে মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 








