
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন এই প্রকল্পের উদ্বোধন করেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের সড়ক দুটি দিয়ে চলাচলে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কর্দমাক্ত অবস্থার কারণে রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক দুটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রুহুল আমিন বলেন,
“চুয়াডাঙ্গা কৃষিপ্রধান এলাকা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। এতে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।”স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দর্শনা-আকন্দবাড়িয়া সড়কের ১ হাজার ২৯০ মিটার এবং রাংগিয়ার পোতা সড়কের ৭৫০ মিটার অংশে পিচ ঢালাই করা হবে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক দুটির কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার অর্থনৈতিক কার্যক্রমও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 












