
জনস্বাস্থ্য ও পশু সুরক্ষা আইনের তোয়াক্কা না করে বাছুরসহ গাভী জবাইয়ের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মে) সকালে উপজেলার সাফদারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে বাছুরসহ গাভী জবাইয়ের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে জবাইকৃত মাংসের মানেও গুরুতর অসংগতি লক্ষ্য করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দ করা প্রায় ২৫ কেজি অস্বাস্থ্যকর ও অবৈধ মাংস জনসম্মুখে গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে বাজারের অন্যান্য অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও পশুর সুরক্ষা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাছুরসহ পশু জবাই যেমন আইনত দণ্ডনীয়, তেমনি এটি অমানবিক। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে অসুস্থ ও গর্ভবতী পশু জবাই করে বাজারে বিক্রি করে আসছিল। এ অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাজারে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 












