
ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বোয়ালমারী উপজেলা শ্রমিক দল। তাঁর মৃত্যুতে দেশ একজন সাহসী, আপসহীন ও গণতন্ত্রকামী নেত্রীকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর শেখ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্ব ছিল দৃঢ় ও অনন্য।
নেতৃদ্বয় আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তাঁরা মহান আল্লাহ তায়ালার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপি পরিবারসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে মরহুমার স্মরণে দোয়া মাহফিলসহ বিভিন্ন শোক কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক আব্দুল মতিন মুন্সি।
আব্দুল মতিন মুন্সী 

























