
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে তিনি চুয়াডাঙ্গা-২ আসনকে একটি আদর্শ ও মডেল নির্বাচনী এলাকায় পরিণত করবেন।
বিশেষ করে এ জনপদকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনের অডিটোরিয়ামে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের প্রকৃত নেতৃত্ব উঠে আসবে। জনগণ যদি স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে দেশের গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।
দামুড়হুদা ও জীবননগর উপজেলার দীর্ঘদিনের অবহেলিত অবস্থার কথা উল্লেখ করে বিএনপি নেতা বাবু বলেন, “আমি নির্বাচিত হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং সড়ক অবকাঠামোর আমূল পরিবর্তন আনব।কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকদের অধিকার রক্ষা এবং ক্রীড়া ব্যবস্থাপনার উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও যোগ করেন, দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
সভায় সাংবাদিকদের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের সাবলীল উত্তর দেন এই বিএনপি নেতা। তিনি বলেন, নেতৃত্ব নির্বাচনের মালিক কেবল জনগণ। জনগণের সঠিক সিদ্ধান্তে যদি তিনি সুযোগ পান, তবে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার নির্বাচনী এলাকায় কোনো প্রকার অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:
খালিদ মাহমুদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি।
আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি।
রাজিব হাসান কচি, সভাপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব।
বিপুল আশরাফ, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব।
সরদার আল আমিন, সভাপতি, সাংবাদিক সমিতি।
অ্যাডভোকেট মানিক আকবর, সভাপতি, জেলা প্রেসক্লাব।
কামরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব।
নাজমুল হক স্বপন, প্রধান সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ।
এছাড়াও জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে মাহমুদ হাসান খান বাবু সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এলাকার সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।
মোঃ নাঈম উদ্দীন 

















