
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা এবং অতিরিক্ত মূল্যে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অপরাধে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটকবর এলাকার বিভিন্ন মুদি দোকান, সার-বীজের ডিলার এবং বেকারি উৎপাদন কেন্দ্রে নিবিড় তদারকি চালানো হয়।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল। এছাড়াও উপস্থিত ছিলেন:
সালমা জাহান নিপা, কর্মকর্তা, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়।
মো. রফিকুল ইসলাম, প্রতিনিধি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

অভিযান চলাকালীন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়:
১. মায়া বেকারী: প্রতিষ্ঠানটির মালিক মোছা: হাজিরা খাতুন। দীর্ঘ দিন ধরে লাইসেন্স নবায়ন না করে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

২. মেসার্স মদিনা ট্রেডার্স: আশরাফুল ইসলামের এই প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অবৈধভাবে সার ও বীজ মজুত ও বিক্রয় এবং লাইসেন্স নবায়ন না থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হাম্মদ মামুনুল হাসান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা প্রদান করেন।
তিনি ব্যবসায়ীদের নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে
চলার আহ্বান জানান:
দোকানের দৃশ্যমান স্থানে প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে।
যৌক্তিক ও নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা নিশ্চিত করতে হবে।কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ কিংবা বীজ বিক্রি করা যাবে না।
দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক জানান, বাজারে অস্থিরতা রোধ এবং সাধারণ ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম কোনো সাময়িক ব্যবস্থা নয়।
চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোঃ নাঈম উদ্দীন 

















