
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এ বইমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আই সিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্ম এর যুগে ভ্রাম্যমাণ বইমেলা পাঠকদের মাঝে সাড়া না ফেললেও যারা প্রকৃত পাঠক তারা কিন্তু মেলার মাঠে আসবে। কারণ ডিজিটাল প্লাটফর্মে কোন কিছু পড়া আর বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়ার মধ্যে যে আনন্দ বা স্বাদ সেটি প্রকৃত পাঠকরাই অনুধাবন করতে পারবে। তাই পাঠকদের অনুরোধ জানাবো ৪ দিনের এই ভ্রাম্যমান বইমেলায় সপরিবারে এসে বই পড়ে প্রকৃত পাঠক হিসেবে বই পড়ার গুরুত্ব বাড়াতে।
বইমেলার উদ্বোধক নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বইমেলার উদ্বোধন শেষে নিজেই স্টল ঘুরে ঘুরে বেশ কিছু বই ক্রয় করেন। তিনি মেলা কর্তৃপক্ষকে আহবান জানান চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বইমেলা সম্পর্কে প্রচার প্রচারণা করতে। যাতে করে তরুণ প্রজন্মের শিক্ষার্থী ও তরুণ-তরুণিরা ডিজিটাল প্লাটফর্ম ছেড়ে যেন বই পড়ার প্রতি নিজেদের আগ্রহ জন্মায়।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার কবি-লেখকদের লেখা কোন বই, গল্প, উপন্যাস সংগ্রহ করে একটি বই কর্নার হলে ভালো হতো। তাহলে চুয়াডাঙ্গার তরুণ-তরুণী ও শিক্ষার্থীরাও জানতে পারতো তাদের জেলায়ও কবি সাহিত্যিক এবং লেখকরা আছেন বা যারা বই লিখতে পারেন। এই অনুপ্রেরণা থেকে এ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যেও বইপড়া ও কবিতা, উপন্যাস কিম্বা বই লেখার প্রতি আগ্রহ জন্মাতো। পরবর্তীতে এ বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান বিশ্ব সাহিত্য কেন্দ্রের (ভ্রাম্যমাণ বইমেলা) ইউনিট ইনচার্জ মো: কামরুজ্জামান।
বিশেষ সংবাদদাতা 


















