
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন (৩২)কে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সবুর হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৮ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবুর হোসেন আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বামানগর গ্রামের আজিবার রহমানের ছেলে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে ভাড়ায় থাকতেন প্রবাসি শিমুল সর্দ্দারের স্ত্রী রেশমা খাতুন। গত ২৮ মে ওই ভাড়া বাড়ির ঘরে তালাবন্ধ অবস্থায় রেশমা খাতুন গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন আত্মহত্যার আধাঘণ্টা আগে অভিযুক্ত সবুর হোসেনকে তাঁর ঘর থেকে বের হতে দেখেন প্রতিবেশীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত (১জুলাই) সোমবার ওই নারীর পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে সবুর হোসেনকে আসামি করে আলমডাঙ্গা থানায় আত্মহত্যায় প্ররোচনা আইনের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন। এ মামলার আসামী হিসেবে সবুর হোসনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 









