
দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর। (০৭ জুলাই) রবিবার বিকাল সাড়ে ৪টার সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনূর্ধ্ব ১৭ বয়সের ছেলেদের ফুটবল টুর্ণামেন্টের আজকে উদ্বোধনী খেলা, আর এই বয়সেই খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ততা থাকতে হবে। খেলাধুলায় মনোযোগী হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। খেলায় হার জিত থাকবেই, এটা মেনে নিতে হবে। খেলার মাঠে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবানা। বক্তব্য শেষে এমপি টগর টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, হাউলী ইউনিয়ন একাদশের কোচ ম্যানেজার ইউপি সদস্য শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দামুড়হুদা ইউনিয়ন একাদশের কোচ ম্যানেজার শহীদ আজম সদু সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। খেলার মাঠে ছিলো দর্শকদের উপচে পরা ভীড়, ফুটবল প্রেমীরা সহ উপস্থিত সকলে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ বনাম হাউলী ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই দুটি করে গোল করে খেলার সমতা বজায় রাখে। পরে ট্রাইবেকারে ৫টির মধ্যে দামুড়হুদা ইউনিয়ন একাদশ ৩টি গোল করে এবং হাউলী ইউনিয়ন একাদশ ৪টি গোল করে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ী হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন একরামুল হাসান নিপুন, সৈয়দ মাসুদুর রহমান, সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউসুফ আলী। টুর্নামেন্টের ম্যাচ কমিশনার সাবেক জেলা ফুটবলার জাকির হোসেন। খেলায় ধারাভাষ্য দেন মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ। আজ বেলা সাড়ে ৩টায় টুর্নামেন্টর ২য় খেলা অনুষ্ঠিত হবে।
আরিফুল ইসলাম, দামুড়হুদা 



















