
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও হত্যার হুমকিসংবলিত ভিডিও পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মেহেরপুর পৌর শহরের গড়পুকুর এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে। পরে নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সঞ্জয় কুমার দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় সঞ্জয় কুমার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগ রয়েছে, ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং গলা কেটে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি দেওয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে রাতে অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার ঘটনায় সঞ্জয় কুমারের বিরুদ্ধে পৃথক কোনো মামলা নেই। তাকে নাশকতার চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মেহেরপুর প্রতিনিধি 









