
লালমনিরহাটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রসাধনী বিরোধী অভিযান চালিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।
রোববার (২১ জুন) লালমনিরহাট শহরের পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠান মীম এন্টারপ্রাইজ ও রাফি এন্টারপ্রাইজ-এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী এবং মোঃ মামুনুর রশিদ।
অভিযানের বিবরণে জব্দকৃত পণ্য: অভিযানকালে প্রতিষ্ঠান ২টি থেকে চোরাই পথে আসা আমদানিকারকের তথ্য বিহীন বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সরকার ঘোষিত জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম।
অর্থদণ্ড: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান ২টিকে মোট ১২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম অভিযানস্থলে উপস্থিত সর্বসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















