
চুয়াডাঙ্গায় মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান এপেলেক্স-নাফি টেলিকমের আয়োজনে অনুষ্ঠিত র্যাফেল ড্রতে মেগা পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতেছেন দামুড়হুদা উপজেলার দরবেশপুর গ্রামের ভ্যানচালক মোখলেস।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের প্রিন্স প্লাজার পূর্ব পাশে এ র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসে নাফি টেলিকম থেকে মোবাইল ফোন ক্রয়কারী গ্রাহকদের মধ্যে কুপন বিতরণ করা হয়েছিল। সেই কুপনের ভিত্তিতেই অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র।
নাফি টেলিকমের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
র্যাফেল ড্রতে ২৬৪৩ নম্বর কুপনটি বিজয়ী হয়। পরে জানা যায়, ওই কুপনের মালিক দরবেশপুর গ্রামের বাসিন্দা মোখলেস, যিনি পেশায় একজন ভ্যানচালক। বিজয়ীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক ও গ্রাহকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে অতিথিরা মোখলেসের হাতে মেগা পুরস্কার মোটরসাইকেলের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে মাইনুল হাসান রিপন গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে ভবিষ্যতেও আরও আকর্ষণীয় অফার ও পুরস্কার কর্মসূচির আয়োজন করা হবে।
তিনি আরও জানান, আগামী সোমবার বাংলাদেশ টেলিকমের আয়োজনে আরও একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
বিশেষ প্রতিনিধি 


















