
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার চাচাতো ভাই নাহিদ (২৩) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাফিজ আহমেদ শান্ত নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আবহাওয়া শুরু হয়। এ সময় নাফিজ আহমেদ শান্ত ও তার চাচাতো ভাই নাহিদ নাফিজের বাড়ির দ্বিতীয় তলার ছাদে বসে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ছাদের পাশের একটি নারিকেল গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে দুই যুবক অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকাইয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে আহত দুই যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত নাহিদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাফিজ আহমেদ শান্তের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষ প্রতিনিধি 

















