
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি নিজ এলাকায় একটি ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আকিব হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা বড়বাজারের পরিচিত ওষুধ ব্যবসায়ী আসিফের ছোট ভাই। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ কিছু ব্যক্তি চুয়াডাঙ্গা শহরের কানাপুকুরপাড়া এলাকায় একটি পূর্বাশা পরিবহনের বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসটির সামনের গ্লাস ভেঙে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই জানাজা শেষে আকিব হোসেনের মরদেহ চুয়াডাঙ্গা পুরাতন কবরস্থানে দাফন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি 

















