
লালমনিরহাটে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে ৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মান, অপারেশন থিয়েটারের পরিবেশ এবং নির্ধারিত মূল্যে সেবা প্রদান করা হচ্ছে কিনা তা যাচাই করতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা এবং অপারেশন থিয়েটারের (ওটি) পরিবেশ সন্তোষজনক না পাওয়ায় নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সকল ত্রুটি সংশোধনের কঠোর নির্দেশনা দেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এবং মোঃ শরীফুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















