
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার পৌর এলাকার এতিমখানা পাড়ার আকরাম হোসেনের ছেলে আকাশ আহমেদ (২৫), নুরনগর কলোনি পাড়ার আবুল কাশেমের ছেলে অন্তর আলী (২৫), সুমিরদিয়া পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে হাসিবুল রহমান শিপন (৩০), বাগানপাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে শান্ত ইসলাম (২৯) এবং বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়মনি গ্রামের আক্কাস আলীর ছেলে আলি আকবর সুমন (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বেলা ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অপরাধ দমনে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 









