
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে বাঘাডাঙ্গা-বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ঘাসক্ষেত থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তারা জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি 
















