
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মেদিনীপুর বিওপির সদস্যরা হরিহরনগর সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্তের মেইন পিলার-৬৩-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগান সংলগ্ন স্থান থেকে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে কিছু চিহ্ন ও নম্বর খোদাই করা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি চোরাচালান বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযান চলাকালে কোনো ব্যক্তি বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্রের মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, বিজিবির পক্ষ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সীমান্তপথে অস্ত্র চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
বিশেষ প্রতিনিধি 
















