
লালমনিরহাটে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বুধবার (৩ জুন) র্যাব-১৩, সিপিএসসি রংপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ১টা ৫ মিনিটে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী চাপারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহামুদুল হাসান সাব্বির (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় আদালত ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে র্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
র্যাব-১৩-এর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 
















