
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুলিশি অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে নারায়ণপুর গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।রাত আনুমানিক সোয়া ১১টার দিকে পুলিশ দল নারায়ণপুর গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে অবস্থান নেয়। সেখানে থাকা একটি বাঁশবাগানের উত্তর পাশে সাবিনা খাতুনের সন্দেহজনক চলাফেরা দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















