
লালমনিরহাটে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট জেলা মহিলা সংস্থা, ইএসডিও, নজীর, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও মানসিকার সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক লায়লা আকতার বানু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি
দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর অধিকার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















