
চুয়াডাঙ্গার জীবননগরে সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মনোহরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমরা এবার এখানে সমলয় চাষের মধ্যে যে জমিতে ধান রোপণ করা হবে সেখানে আইল না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আবার জমির পরিমাণ নিয়ে কৃষকদের মধ্যে যাতে ঝামেলা না হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। আইল থাকলে অনেক জমি চাষাবাদের অনুপযোগী হয়ে নষ্ট হয়। যার কারণে কৃষকদের জমিতে ফসল উৎপাদন কম হয়।
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমলয় চাষাবাদে ৯৫ জন কৃষককে নিয়ে একটি গ্রুপ তৈরি করে। মনোহরপুর মাঠে ওই কৃষকদের ৫০ একর জমিতে ৬০০ কেজি ধান বীজ সরবরাহ করা হয়। সেই সাথে ইউরিয়া সার ৯০ বস্তা, ডিএপি ৪০ বস্তা ও এমওপি ৫০ বস্তা সরবরাহ করা হয়েছে। যন্ত্রের সাহায্যে চারা রোপণ, শস্য কাটতে তাদের সহযোগিতা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন পালোয়ান, উপ-পরিচালক শষ্য দ্রেবশীশ কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আমানুর রহমান, আজিজুল ইসলাম, আ ন ম মোরশেদ বিল্লাহ, দেলোয়ার হোসেন, শিপুল পারভেজ, নুরুজ্জামান, রাজিব হাসান প্রমুখ।
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জীবননগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুল রহমান।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 



















