
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক ‘ডিভোর্সের’ দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নতুন এক বইয়ে এমন বিস্ফোরক দাবি উঠেছে।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সুয়ান লেখা ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইমপেরিয়াল প্রেসিডেন্সি অফ ডনাল্ড ট্রাম্প’ বইটির উদ্ধৃত অংশ মঙ্গলবার (২৩ জুন) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই উত্তপ্ত ফোনালাপটি হয়। তখন ট্রাম্প গাজা নিয়ে একটি শান্তি পরিকল্পনা গ্রহণে ইসরাইলকে রাজি করানোর চেষ্টা করেছিলেন।
সেই ফোনালাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
বইয়ের দাবি অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সবাই তোমাকে নিয়ে ক্লান্ত, বিবি। সব ইহুদিই তোমাকে নিয়ে ক্লান্ত। এমনকি এই কলের দুইজন ইহুদিও তোমাকে নিয়ে ক্লান্ত।
তিনি আরও বলেন, সবাই তোমাকে ঘৃণা করছে, আর আমি তোমার পাশে থেকেছি। এরপর ট্রাম্প সতর্ক করেন, ইসরাইল যদি চুক্তি গ্রহণ না করে, তবে দুই দেশের সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল। তারা এর প্রশংসাও করেছিলেন।
তবে যুদ্ধের অগ্রগতি থমকে গেলে এবং শান্তি আলোচনা জটিল হলে ট্রাম্প ধীরে ধীরে সমালোচনামূলক অবস্থান নেন। তিনি লেবাননে ইসরাইলি হামলারও সমালোচনা করেন এবং এক পর্যায়ে নেতানিয়াহুকে ‘অযৌক্তিক বিচারবোধহীন’ ও ‘পাগল’ বলেও মন্তব্য করেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে সতর্ক করেছে যে নেতানিয়াহু ইরান নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অস্থায়ী সমঝোতা চুক্তি দুই দেশের যুদ্ধ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে- এমন সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই।
অনলাইন ডেস্ক 
























