
মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ। শনিবার (০২ এপ্রিল) জেলা ব্র্যাক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার ৮টি উপজেলা থেকে আগত প্রায় ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটর ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা—নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য জরিপ কর্মকর্তা মোছা. ফারহানা আক্তার রুমা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. শাহজাহান করিব।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা সমন্বয়ক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন চাঁদপুরের সেলস অফিসার জয়ন্ত কুমার সাহা।
বক্তারা বলেন, বৈজ্ঞানিক ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সঠিক পুকুর ব্যবস্থাপনা, উন্নত পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে কম খরচে বেশি লাভ অর্জন সম্ভব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। পাশাপাশি কুইজ ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে চাষীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।