
২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি; আবেগঘন আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. শরিফ উদ্দিনের অবসর উপলক্ষে বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে সম্মাননা জানানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সমাজসেবক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম।
বক্তারা বলেন, শরিফ উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ গড়ার কারিগর। দীর্ঘ ২৬ বছরে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের শূন্যতা সহজে পূরণ হয় না। শরিফ উদ্দিন স্যার প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেছেন, যা এই অঞ্চলের জন্য গর্বের বিষয়।”
উল্লেখ্য, ২০০০ সালে সহকারী শিক্ষক হিসেবে পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন শরিফ উদ্দিন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই তিনি নিষ্ঠা, মেধা ও আন্তরিকতায় শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত শরিফ উদ্দিন বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি বড় অংশ। সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়গুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয় এবং তাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায়ী সংবর্ধনার সমাপ্তি ঘোষণা করে।