
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সুষম বণ্টন ও অপচয় রোধে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৬ এপ্রিল থেকে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলো নিবন্ধনের সুযোগ পাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য গাড়িও এই সিস্টেমে যুক্ত করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পূর্বের ম্যানুয়াল ফুয়েল কার্ড বাতিল করে বাধ্যতামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ডিজিটাল পাস ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ করা হবে না।
নিবন্ধনের জন্য ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন বা www.fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আইফোন ব্যবহারকারীদের জন্যও ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, কৃত্রিম সংকট রোধ এবং কালোবাজারি বন্ধ করা সম্ভব হবে। প্রতিটি যানবাহনের জ্বালানি ব্যবহারের কেন্দ্রীয় ডাটাবেজও তৈরি হবে।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে
স্মার্টফোন ব্যবহারকারী এবং সাধারণ গ্রাহকদের সুবিধার্থে তিনটি মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে:অ্যান্ড্রয়েড ব্যবহারকারী: গুগল প্লে-স্টোর থেকে 'ফুয়েল পাস' https://play.google.com/store/apps/details?id=com.emrd.fuelpass অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে।
ওয়েবসাইট: সরাসরি www.fuelpass.gov.bd লিংকে গিয়ে তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করা যাবে।
আইফোন (iOS) ব্যবহারকারী: আইফোন ব্যবহারকারীরা অ্যাপের পরিবর্তে সরাসরি ওয়েবসাইট লিংকের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।