বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব খেরুদিয়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য মানবিক উদ্যোগ হাতে নিয়েছে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন।
সংগঠনটির উদ্যোগে রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় রোসন আলী গাজীর বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টয়লেটের চাঁকি বিতরণ করা হয়।
এ কার্যক্রমের আওতায় অসহায় হোসনে আরা বেগমের পরিবারের জন্য একটি টয়লেটের চাঁকি প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার অভাবে ভোগা এই পরিবারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা শুধু স্বাস্থ্য রক্ষাই নয়, বরং সম্মানজনক জীবনযাপনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ আক্তার হোসেন, সম্মানিত সদস্য রিয়াদ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সমন্বয়ক মোঃ আক্তার হোসেন বলেন, “আমরা চেষ্টা করছি সমাজের পিছিয়ে পড়া মানুষদের মৌলিক চাহিদা পূরণে সামান্য হলেও অবদান রাখতে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ এটি মানুষের সুস্থতা ও রোগ প্রতিরোধের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা শুধু একটি পরিবারের উপকারেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা সহায়তাসহ নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।