
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সিয়াম কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিয়াম স্বাভাবিকভাবেই হেঁটে মাদ্রাসা থেকে বের হয়ে দোস্ত বাজারের দিকে চলে যাচ্ছে। উক্ত ফুটেজ ইতিমধ্যে দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সিয়ামের লেখাপড়ায় বিশেষ মনোযোগ ছিল না এবং সে মাদ্রাসায় পড়তে অনিচ্ছুক ছিল। এ নিয়ে তার বাবা আফজাল হোসেনের সঙ্গে সিয়ামের মানসিক দূরত্ব ও পারিবারিক চাপ তৈরি হয়। এদিকে, মাদ্রাসার সাপ্তাহিক রিভিশন পাঠ বা ‘ছবিনা’ সেমিনারের চাপে পড়ে সে পালানোর সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা জানান, সিয়াম গত তিন মাস ধরে মাদ্রাসার বেতন, বিদ্যুৎ বিল ও জেনারেটর বিল পরিশোধ না করে নিজের কাছে জমা রেখেছিল। পালানোর সময় তার কাছে নগদ প্রায় ৮ হাজার টাকা ছিল। একটি কুচক্রী মহল এই স্বাভাবিক পালানোর ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে প্রচার করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত ও প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আনোয়ার হোসেন জানান: “সিয়ামের সন্ধান পাওয়া গেছে। সে চট্টগ্রাম হয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তাকে এলাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এটি স্পষ্ট যে, কোনো অপহরণের ঘটনা ঘটেনি। অপপ্রচার চালিয়ে যারা মাদ্রাসার সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।”
পুলিশি তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে পুরো বিষয়টি এখন দিনের আলোর মতো পরিষ্কার। একটি সাধারণ নিরুদ্দেশের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা নস্যাৎ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল।