স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাকিব আল হাসান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে তাকে হাতে-নাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. বাবলু খাঁন ও তাঁর সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
বিকেল ৪:৪৫ ঘটিকায় শ্যামপুর গ্রামস্থ জনৈক মো. কুল মিয়ার বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে সাকিব আল হাসানকে তল্লাশি করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৮ (আঠাশ) পিস গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. সাকিব আল হাসান (২০) আলমডাঙ্গা থানার শ্যামপুর গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।