স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক দায়িত্বশীল সম্মেলন ও ২০২৫ সালের মেধা বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার স্থানীয় একটি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক বিতর্ক সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন, "ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যারা মেধাবী ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ছাত্রদেরকে দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।"

তিনি মেধা ও নৈতিকতার সমন্বয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার জন্য উপস্থিত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাগর আহম্মেদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম। বক্তারা ছাত্রদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশের দ্বিতীয় পর্বে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সাথীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৪ সেশনে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ সাফল্য প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ ইউনিয়নগুলোর নাম ঘোষণা করা হয়।

সেরা ইউনিয়নগুলোর তালিকা:
প্রথম স্থান: কুড়ুলগাছি ইউনিয়ন
দ্বিতীয় স্থান: দামুড়হুদা সদর ইউনিয়ন
তৃতীয় স্থান: কার্পাসডাঙ্গা ইউনিয়ন
বিজয়ী ইউনিয়নগুলোর দায়িত্বশীলদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা শাখা শিবিরের সভাপতি মো. আল ফাহাদ হোসেন সবুজ।
তিনি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করে যেতে হবে।"
উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মেধাবী ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।