স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আজ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় দর্শনা সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জয়নগর চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেছেন।
জেলার প্রধান সীমান্ত পয়েন্টে তাঁর এই পরিদর্শনকালে তিনি দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং চেকপোস্টের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার প্রথমে চেকপোস্টের অফিস, ব্যারাক এবং মেস ঘুরে দেখেন। তিনি দাপ্তরিক কাজের সুষ্ঠুতা, ফোর্সের আবাসনের পরিবেশ এবং তাদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে খোঁজ নেন।
এসময় তিনি বিশেষ করে ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং মেসের খাবারের মান উন্নত ও মানসম্পন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একইসাথে, চেকপোস্টে কর্মরত ফোর্সের জরুরি বা ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে ছুটি সংক্রান্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যেও নির্দেশ দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম মহোদয় দায়িত্বরত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে অত্যন্ত সুস্পষ্ট ও কঠোর বার্তা দেন।

তিনি বলেন,
"বাংলাদেশ ও ভারতে গমনাগমনকারী প্রত্যেক সিটিজেনের সাথে সর্বদা ভালো আচরণ নিশ্চিত করতে হবে।"
তিনি জোর দিয়ে বলেন যে, চেকপোস্ট ব্যবহারকারী সম্মানিত সিটিজেনগণ যেন পুলিশের সম্পর্কে কোনো নেতিবাচক বা বিরূপ মন্তব্য করার সুযোগ না পান।
এই লক্ষ্যে ইমিগ্রেশন ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় দেশের নিরাপত্তার প্রশ্নে কঠোর নজরদারি অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে সতর্ক করে দেন, ব্ল্যাকলিস্টেড বা সন্দেহভাজন কোনো ব্যক্তি যেন কোনো অবস্থাতেই ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে গমনাগমন করতে না পারে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সকলকে অপেশাদার ও অমানবিক আচরণ সম্পূর্ণরূপে পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, সর্বদা দেশ ও মানুষের কল্যাণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।
পুলিশ সুপার মহোদয়ের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জয়নগর চেকপোস্টের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
নবাগত পুলিশ সুপারের এই পরিদর্শন চুয়াডাঙ্গা সীমান্তের নিরাপত্তা, যাত্রীসেবার মান উন্নয়ন এবং চেকপোস্টে কর্মরতদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।