মেহেরপুরের বাজিতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকা।
আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেলে এই পাচারের চেষ্টা বানচাল করে দেয় বিজিবি। রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে আজ বিকেলে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে অবৈধভাবে পাচার হতে পারে।
এই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে একটি সশস্ত্র ও চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে মাঠের মধ্যে কৌশলগত অবস্থান (ওৎ পেতে) নেয়।
বিকেল ৪টার দিকে, বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের দিকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
সংকেত পাওয়া মাত্রই সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে দুজনকেই আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের তল্লাশির সময় তাদের বহন করা ঘাসের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুলে দেখা যায়, তার মধ্যে মোট ১০টি স্বর্ণের বার রয়েছে।
জব্দকৃত স্বর্ণের ওজন: ১ কেজি ১৬৬ গ্রাম।
সিজার মূল্য (আনুমানিক): ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।
আটক হওয়া দুই পাচারকারীর মধ্যে একজন বাংলাদেশের এবং অন্যজন ভারতের নাগরিক।
মো. আব্বাস আলী (৪৫): মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত. আওল হোসেলের ছেলে।
মিজান রহমান শেখ (২৪): ভারতের নদীয়া জেলার তেহট্ট থানাধীন সাহাপুর গ্রামের মিরাজুর শেখের ছেলে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) এর হাবিলদার মো. শাজাহান সিরাজ বাদী হয়ে আটককৃত দুইজনকে অভিযুক্ত করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বর্তমানে আটক আসামিদের মেহেরপুর সদর থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্ত পথে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।