গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া চুয়াডাঙ্গার তরুণী ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হোসেন মার্কেট সংলগ্ন এরশাদনগরের একটি বিল থেকে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি উদ্ধারকারী দল টানা তৃতীয় দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীর মরদেহ খুঁজে পায়।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর কন্যা।
ঘটনার সূত্রপাত রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে। সে সময় তাসনিম জ্যোতি গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণের কাজে এসেছিলেন। প্রবল বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার মধ্যে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালালেও আবহাওয়া প্রতিকূল থাকায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়। এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সিটি করপোরেশন ও পুলিশ বাহিনীও যুক্ত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেন ও ম্যানহোল চেক করা হয়। পরে গাজীপুরা এলাকার বিভিন্ন জলাশয় ও বিলেও ডুবুরি দল অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হলেও মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয় উদ্ধার অভিযান এবং সেদিনই ঘটনাস্থলের কাছাকাছি বিলের কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার জেরে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ক্ষুব্ধ জনতা গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সেবা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, একজন তরুণীর প্রাণহানির ঘটনায় নগরবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সিটি করপোরেশনের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।