
চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের তালতলা ফুটবল মাঠে জমজমাট আয়োজনে প্রবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আমরা আওয়ামী স্বৈরশাসনের পতনের মাধ্যমে আমরা বাক স্বাধীতনা ফিরে পেয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে রাজপথকে রক্তিম করে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমি সেই সকল ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন এখন সেই স্বাধীনতাকে রক্ষার আন্দোলন।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে তারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থে পরিবারগুলো যেমন সচ্ছলতা পায়, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সমৃদ্ধ হয়। তবে প্রবাসীদের অনেকেই বিদেশে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের উৎসাহিত করতে এ ধরণের ফুটবল টুর্ণামেন্ট আয়োজন প্রশংসনীয়। এটি তাদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক দৃঢ় করে এবং দেশের প্রতি তাদের ভালোবাসা বাড়িয়ে তোলে। আমাদের উচিৎ সকল প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের কার্যক্রমকে সহজ করতে তাদের পাশে দাড়ানো। তাদের প্রাপ্য সম্মান এনে দিতে কাজ করা।’
তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ঐক্যের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করব।’
৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি।
ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা একাডেমি বনাম আলমডাঙ্গার কুমারী চাষী ক্লাব ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমারী চাষী ক্লাব ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে তেন। এসময় ট্রফি নিয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।