
কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াত। মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমীন বলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনের আগে ও পরে যেভাবে আপনারা আপনাদের গণমাধ্যমে সংবাদ প্রচার করেছেন তার জন্য আমরা আপনারদের প্রতি কৃতজ্ঞ। আমরা আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করতে না পারলেও আপনারা আপনাদের জায়গা থেকে সংবাদ প্রচার করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে একটি উন্নত জেলা হিসেবে রুপান্তরিত করার প্রচেস্টা অব্যাহত রাখার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম। দীর্ঘ প্রচেস্টার পর এটা একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছে বলে, আমরা বিশ্বাস করি। আপনারা গণমাধ্যমকর্মী আপনাদের জায়গা থেকে ভালকে ভাল বলবেন, মন্দকে মন্দ বলবেন। এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাইনা।
সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, শহর সেক্রেটারী মোস্তফা কামাল ও দামুড়হুদা জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।