
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুল মেম্বরকে (৫২)কে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। শনিবার রাত আটটার দিকে পৌর শহরের তাঁতী শেডের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মহাবুল মেম্বারকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের ছেলে মহাবুবুর রহমান মহাবুল মেম্বর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পুক্ত। রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকবার মেম্বর নির্বাচিত হয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে সেনাবাহিনী আটক করে। নানা অপকর্মের কারণে পরে তিনি অপসারিত হলে মহাবুল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার তাঁতী শেডে নিকট মহাবুল মেম্বার দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট পরা দুর্বুত্ত তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কে বা কারা?কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে গিয়েছি। পেছন দিক থেকে কে বা কারা তাকে কুপিয়েছে। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।