
আদালত প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে এক মাদক কারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন উষা দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, গত ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর ভাড়াটিয়া জেনারেটর চালানোর দোকান ঘরে অভিযান চালায়। আসামীর উপস্থিতিতে ওই ঘরে তল্লাশী চালিয়ে সেখানে থাকা কাঠের বাক্সের ভিতর লুকিয়ে রাখা পলিথিনের ব্যাগে দুই কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আসামীকে গ্রেফতার করে একই তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম দামুড়হুদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ গত ২০১৭ সালের ৬ আগষ্ট মামলার একমাত্র আসামী আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ১ (খ) ধারায় বিজ্ঞ নিম্ন আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচার ও নিস্পত্তির জন্য চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতে বদলী করা হয়। বিচার কালে ৮ জন স্বাক্ষীর জবানবন্দী ও জেরা গ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. সিরাজুল ইসলাম লাল্টু এ.পি.পি ও আসামীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. আলহাজ্ব সেলিম উদ্দীন খাঁন। রায় প্রচারের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামীপক্ষ উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপীল করবেন মর্মে জানা গেছে। শেষে কঠোর পুলিশী প্রহরায় দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ আল মামুন (উষা)কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।