
নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে।/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই ধারণ করেছিলেন বর্ষা ঋতুকে। বাংলা বর্ষপঞ্জি অনুসারে আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। আর বর্ষা মানেই আবেগ, অনুভূতির জোয়ার। আর বর্ষার মেঘ-বৃষ্টির জোয়ারে ভাসেননি এমন কবি, সাহিত্যিক পাওয়া যায় না। শুধু যে কবি-সাহিত্যিক, তা নয়- সাধারণ মানুষও। কালীদাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ বা নির্মলেন্দু গুণ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ূন আহমেদ- কেউই বর্ষাকে এড়িয়ে যেতে পারেননি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, জহির রায়হানের হাজার বছর ধরে, হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিনে বর্ষা এক বিপুল বিস্ময় নিয়ে আবির্ভূত। কবি-সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষের জোয়ার আনা বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন আজ।
আষাঢ় আসায় প্রকৃতিতে আজ নতুন সাজ; বিশাল আকাশে কালো মেঘের পালকিতে ভেসে বেড়ানো মুহুর্মুহু ডঙ্কা-নিনাদ, ঝমঝম বৃষ্টি। বর্ষার শীতল জলে নবজীবন লাভ করে পল্লবপুঞ্জ। পল্লী প্রকৃতির সর্বত্র সবুজের সমারোহ, মরা নদী ভরা হয়; খরাকে জলধারায় ডুবিয়ে দিয়ে প্রকৃতিকে প্রাণবন্ত, সতেজ ও শত সহস্র মনের প্রেমে ভিজিয়ে রাখার সাধ্য যে একমাত্র আষাঢ়রেই আছে, তা অস্বীকার করার সাধ্যি কার। বর্ষার সজীবতায় বাতাসে ভাসে জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরও কত ফুলের সুবাস। বর্ষা যেন বাঙালি-জীবনে নতুনের আবাহন। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাংলার নবজন্ম তাই ঘটে এ বর্ষাকালেই। প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ভাষায় আষাঢ় যেন ‘ধ্যানমগ্ন বাউল-সুখের বাঁশি’।
ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। নদীমাতৃক বাংলায় এক ভিন্ন আবহের স্রষ্টা এই বর্ষাঋতু। শুরুর দিনটিও তাই স্মরণযোগ্য। কবি কালিদাসের মতে, ‘ব্যাকুল যক্ষের মতো’- বাঙালির উদাস হওয়ার দিন।
বর্ষা মানেই আবেগ, বর্ষা ভিন্নরকম এক অনুভূতি। কালে কালে বর্ষা যেমন কবির কবিতায়, শিল্পীর সুরে-গানে-তুলির টানে-রেখায়, সেলুলয়েডের ফিতায়, সুইয়ের ফোঁড়ে ফোঁড়ে নকশিকাঁথায় আমাদের ঐতিহ্যের ভা-ারে চিরকালীন হয়ে আছে, তেমনি সাধারণকেও বর্ষা মুগ্ধ করে রেখেছে, রাখে এবং আগামীতেও রাখবে। শেখাবে ভালোবাসতে। ফলে আগামীর কন্যারও নাম হবে বৃষ্টি, বর্ষা, শ্রাবণী।
সৃষ্টির শুরু থেকেই বর্ষা ঋতু মানবের কাছে ধরা দিয়েছে নানাভাবে- কখনো ভয়ের, কখনো দেবতা, কখনো প্রেম-ভালোবাসা, কখনো নিষ্ঠুর বাস্তব হয়ে। নিজেকে ভিজিয়ে নেননি কে না- কবি কালিদাস থেকে বিদ্যাপতি, মধ্যযুগের চণ্ডীদাস থেকে সাম্প্রতিককালের লেখক পর্যন্ত প্রায় সবাই। বর্ষাকে নানা সময়ে, নানাভাবে, নানা আঙ্গিক ও অনুষঙ্গে যেমন তুলে এনেছেন রবীন্দ্রনাথ, তেমনি মাইকেল মধুসূদন, কাজী নজরুল, জীবননান্দ দাশ, জসিমউদ্দীন কিংবা শামসুর রাহমান, আল মাহমুদের কবিতায় বর্ষা ধরা দিয়েছে ভিন্ন ব্যঞ্জনায়, সুরের মূর্ছনায়। প্রত্যেক কবিই বর্ষার রূপে উদাস হয়েছেন, ব্যাকুল হয়েছেন, আনন্দিত হয়েছেন।
বাংলাদেশের বর্ষাকাল আসলে কেমন, তার একটা চিত্র পাই কবি বুদ্ধদেব বসুর ‘আষাঢ় বন্দনা’ কবিতায়- ‘আকাশে আষাঢ় এলো; বাংলাদেশ বর্ষায় বিহ্বল।/ মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেলসারি/ বৃষ্টিতে ধূমল; পদ্মাপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি/ বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট-সম অচঞ্চল।’
মোটকথা, আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেক মানুষ নিজেকে ভিজিয়ে নিয়েছেন, নিচ্ছেন বর্ষাজলে। আগামী প্রজন্মও বৃষ্টিতে ভিজতে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো প্রার্থনা করবেন- ‘একবার বৃষ্টি হোক অবিরাম বৃষ্টি হোক/ উষর জমিনে,/ নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন,/ মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্লানি পৃথিবী।’
প্রকৃতির রুক্ষ অঙ্গ সতেজ করে তুলতেই বর্ষার আগমন হলেও ঋতুতে ঋতুতে সেই ধারা আর বহমান নেই। আষাঢ়ও নেই প্রবল বারিবর্ষণে। বৈশাখ-জ্যৈষ্ঠের প্রকোপ যেমন ছিল, তা ‘আসাঢ়স্য প্রথম দিবসঃ’-এও একই রকম আছে। প্রকৃতির এই বৈরী আচরণের জন্য আমরাই দায়ী। ফলে কৃষিনির্ভর এই বাংলাদেশে বর্ষাকালে বিপর্যয় ঘটে অতিবৃষ্টিতে। বন্যা আসে, প্রবল ঝড়বৃষ্টিতে তলিয়ে যায় ফসলি মাঠ, রাস্তাঘাট। পাহাড়ে ধস নামে, মৃত্যু ঘটে প্রাণের। কিন্তু আমরা প্রার্থনা করি ষড়ঋতু ফিরে আসুক। আষাঢ়রে প্রথম দিনের প্রকাশ ঘটুক সুনির্মল বসু যেমন করে চেয়েছিলেন- “ঘন-ঘোর আষাঢ়রে প্রথম প্রকাশ,/ থম্-থমে আকাশের নব-উচ্ছ্বাস;/ ‘গুরু গুরু’- মাঝে মাঝে/ মেঘের ডমরু বাজে,-/ নেচে ফেরে ঝিরি ঝিরি বাদল-বাতাস,/ থম্?থমে আষাঢ়রে প্রথম প্রকাশ।”