
আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ২৯৯ আসনের ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা করে ফল ঘোষণা করা হবে। পরে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভোটের হিসাব যোগ করে ঘোষণা করা হবে প্রতিটি সংসদীয় এলাকার ফল। বিএনপি নির্বাচন না করায় এবার অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্ভার। তবে অর্ধশতাধিক আসনে রয়েছে স্বতন্ত্র আতঙ্ক। সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহু আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত কেমন ভোট হয় তা দেখতে তীক্ষè দৃষ্টি রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন মহলের। সবার প্রত্যাশা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ।
শনিবারই ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপ থাকায় নিবাচন কমিশনের (ইসি) জন্য আজ অগ্নিপরীক্ষা। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসির নির্দেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকতর তৎপর। চুয়াডাঙ্গাসহ সারাদেশের প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও মাঠে রয়েছে। তারপরও নির্বাচন কমিশন নিবিড়ভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও অনিয়ম পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে ইসি সূত্র জানায়।
এদিকে, শনিবার (০৬ জানুয়ারি) দুপুরের পর চুয়াডাঙ্গার ৩৫৪ ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে নির্ধারিত ভোট কেন্দ্রে। এসব সরঞ্জাম প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। আজ রবিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত গোপণ ব্যালটের মাধ্যমে বিরতীহিনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় প্রতিটা উপজেলা পরিষদ ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স বুঝিয়ে দেয়া হয়েছে কেন্দ্রের দায়িত্বশীলদের নিকট। সেসব মালামাল সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নিজ নিজ কেন্দ্রে প্রেরণ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম দায়িত্বশীলদের বুঝিয়ে দেয়া হয়েছে। ভোটের দিন আগামী কাল (আজ) ভোর থেকেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে চুয়াডাঙ্গায় দু’টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্য মোট ৩৫৪টি। এরমধ্যে ২০৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকছে সশস্ত্র বাহিনীর ২৯৫ সদস্যসহ র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ১৪৬ জন সদস্য।
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে লাঙ্গল প্রতীকের দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা-১ আসনে পাঁচজন ও ২ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, ফ্রিজ প্রতীকের কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য ও মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী ও ট্রাক প্রতীকের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান।
চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা মনোনীত আলি আজগার টগর, ট্রাক প্রতীকের আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আবু হাশেম রেজা, ঢেঁকি প্রতীকের মীর্জা শাহরিয়ার মাহমুদ, ঈগল প্রতীকের নুর হাকিম, ফ্রিজ প্রতীকের নজরুল ইসলাম মল্লিক, মশাল প্রতীকের জাসদ জেলা কমিটির প্রচার সম্পাদক দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, গোলাপ ফুল প্রতীকের জেলা জাকের পার্টির সভাপতি আবদুল লতিফ খান এবং আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ইদ্রিস চৌধুরী।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা জানান, চুয়াডাঙ্গার দুটি আসনে সুষ্ঠু সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মানীত ভোটাররা যেন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কারও মধ্যে কোনো ধরণের শঙ্কা তৈরি না হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ঠ সতর্কবস্থায় আছে। ইতোমধ্যে আচরণবিধি প্রতিপালনের জন্য ১০ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ভোটের দিন আরও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন। আমরা সবাইকে আশ্বস্ত করছি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের শেষ পর্বে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সাথে কর্মী-সমর্থকদের সহযোগীতা কামনা করেছেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় দু’টি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৩৫৪টি। যার মধ্যে ২০৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৪৯টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। নির্বাচনী এলাকা ৭৯, (তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা) চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি।
নির্বাচনী এলাকা ৮০, (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।