
‘ট্রেনের ভিতর একজন লোক পুড়ে মরে আছে দেখছেন, তিনি অনেক রিকোয়েস্ট করছেন আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উনার বউ-বাচ্চাও ট্রেনে ছিল। কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।’ ছল ছল চোখে কথাগুলো বলছিলেন বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণ করতে আসা প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন।
তিনি বলেন, আমরা এলাকাবাসী, যখন আগুন লেগেছে দৌঁড়ে এসেছি। যার কাছে যতটুকু পানি ছিল আমরা সেভাবে চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি। অনেক মানুষ আমার চোখের সামনে মারা গেছে। এলাকাবাসী সবাই মিলে অনেক চেষ্টা করছি, কিন্তু তাদের উদ্ধার করতে পারিনি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস আগুন লাগার ১ ঘণ্টা পরে আসছে। আগে আসলে হয়তো আরও কিছু মানুষের প্রাণ বাঁচানো যেত। এত বড় আগুন, আমাদের কিছুই করার ছিল না। এছাড়া আগুনে পুড়ে মারা গেলেন নাতাশা জেসমিন (২৫) নামে এক নারী। এ ঘটনায় তার স্বামী আসিফ রহমান খান (৩০) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কমলাপুরে প্রবেশের সময় একটি কামরায় আগুন দেয় নাশকতাকারীরা। এতে যাত্রীরা যে-যেভাবে পারেন কামরা থেকে বেরিয়ে আসেন। এ সময় এক যুবক আগুনে আটকা পড়েন। তিনি বেশ কিছুক্ষণ আগুনের ভেতরেই দৌড়-ঝাঁপ করে বাঁচার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত আর পারেননি।আগুন যেভাবে ছড়িয়ে পড়ে ট্রেনের পুরো বগিতে ট্রেন থেকে নেমে আসা এক যাত্রী জানান, আমরা ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেছি। এক পর্যায়ে সে একটি জানালার পাশে এসে অক্সিজেন নিয়ে শক্তি সংগ্রহ করে বের হওয়ার চেষ্টা চালায়। আমরাও তাকে বের করে নিয়ে আসতে বাইরে থেকে টানতে থাকি। তবে তার একটি পা দগ্ধ হওয়ায় সে পরিপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারেনি। এছাড়া ট্রেনের জানালাটাও অর্ধেক বন্ধ থাকায়, তাকে আর বের করা সম্ভব হয়নি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে এবং মরদেহ নেওয়ার জন্য সাদা ব্যাগ বগির ভেতরে নেওয়া হয়। রাত সোয়া ১২টা পর্যন্ত আগুনে পোড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত চারজনের মরদেহ উদ্ধার কের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
রাতে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘চারজনের মরদেহ ইমার্জেন্সিতে রাখা হয়েছে। আমাদের উপ-পরিচালক স্যার আসছেন। বাকি কার্যক্রম শুরু হবে।’ এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রভৃতি হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধ তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসরা। রাত সাড়ে ১১টায় হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দু’জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দু’জনই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজনের আট শতাংশ বার্ন হয়েছে। তার শ্বাসনালি পুড়ে গেছে।’ ‘আমরা খবর পেয়েছি আরও দু-একজন রোগী আসতে পারে। যতজনই আসুক আমরা প্রস্তুত। কিন্তু চিকিৎসক হিসেবে এ ধরণের ঘটনা আমরা কোনোদিনই আশা করি না।’
হাসপাতালটিতে ভর্তি হওয়া দগ্ধ রোগীরা হলেন ডা. কৌশিক ও আসিফ মোহাম্মদ খান। হাসপাতালটির প্রধান সমন্বয়ক সাংবাদিকের ব্রিফিং শেষে নাফিস আলম (২৯) নামে আরও এক রোগী ভর্তি হয়েছেন বলে জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই আমাদের কাছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার শহিদুল ইসলাম জানান, চ এবং ছ বগি দুটি একেবারেই পুড়ে গেছে। এছাড়া আরও দুটি বগিতেও কমবেশি পুড়েছে। পাওয়ারকারেও আগুন লাগে। ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে ৪ জনের লাশ পাওয়া গেছে। কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্বৃত্তদের কাজ।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দু’জন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে। শুক্রবার রাতে পুলিশের ওয়ারী জোনের একজন কর্মকর্তার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা চলে আসি। পাশের এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছিল। ট্রেনের আগুনের ভয়াবহ রূপ দেখে আসলে জনগণের সহযোগিতায় খুব বেশি নিয়ন্ত্রণ করা যায়নি।’ তিনি বলেন, ‘আমরা দুজনকে সন্দেহ করছি। আমরা তাদের নজরদারিতে রেখেছি। এটা নিয়ে পরে আমরা কথা বলতে চাই। তাদের ভূমিকা সন্দিগ্ধ ছিল। আমরা অ্যানালাইসিস বা তাদের জিজ্ঞাসাবাদ করা ছাড়া কিছু বলতে পারবো না।’
এ ঘটনাকে নাশকতা ও পূর্বপরিকল্পিত বলছে পুলিশ। ঘটনার তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে (৭১৫) আগামী ০৭ জানুয়ারি (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে। ০৮ জানুয়ারি থেকে পুনরায় চলাচল শুরু করবে ট্রেনটি। শনিবার (৬ জানুয়ারি) রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের বরাত দিয়ে রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, ‘বগিগুলো পুড়ে গেছে। এখন কেমিক্যাল অ্যানালিস্ট ছাড়া মন্তব্য করার সুযোগ নেই যে সেখানে দাহ্য পদার্থ ছিল কি না।’ ‘তবে এটা ডেফিনেটলি এটা স্যাবোটাজ। প্রতিটি হরতাল-অবরোধের আগে আমরা এ চিত্র দেখেছি। চলন্ত ট্রেনের মাঝের বগিতে এভাবে আগুন লাগা দুষ্কৃতকারী ছাড়া এটা সম্ভব নয়’ বলেন পুলিশ কর্মকর্তা।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন বলেন, এটি কারা ঘটিয়েছে তা এখনই বলা যাবে না। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট। কারণ, বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এই নাশকতা করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, যাত্রীদের প্রতি, শিশু, নারীদের প্রতি এ ধরনের অমানবিক ও সহিংসতা, মানুষ পুড়ে মারা এটা কোনোভাবেই কাম্য নয়। কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এই কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না- তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।