
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা বাজারে পথচারী দোকানদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা-০২ আসনের ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাজী মো: আলী আজগার টগর। বুধবার ০৩ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে তিনি এ গণসংযোগ করেন।
আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা সদরে গণসংযোগ করেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাজী মো: আলী আজগার টগর। এসময় তিনি দিনভর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এর মধ্যে সদর বাসট্যান্ড সংলগ্ন বাজার পথচারী দোকানদার সবার সাথে নির্বাচনি জনসংযোগ ও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। পরে সদরের মুক্তারপুর গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী জনসংযোগ করেন এমপি টগর।
এসময় তিনি বলেন, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রুপকার। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন। দেশের সাধারণ মানুষের কথা ভেবেছেন, দেশে সড়ক ও রেলপথ যোগাযোগে উন্নতি সাধন করেছেন, জমি সহ ঘর বানিয়ে গৃহহীনদের পুনর্বাসন করেছেন। প্রতিবন্ধী বয়স্ক মানুষ ও বিধবাদের ভাতার ব্যবস্থা করেছেন। এ সকল উন্নয়নে যেন বিঘ্ন না ঘটে, তাই আপনারা জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, যুবলীগ নেতা হযরত আলী, সদর ইউপি সদস্য হাসান আলী সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।