
নতুন ভোরের সোনালি সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে এলো আরো একটি বছর। জরাজীর্ণ মুছে হাতে হাত রেখে নবরূপে নব সাজে জেগে উঠার বার্তা ঘরে ঘরে। স্বাগত ২০২৪; বিদায় ২০২৩। সব বিদায়েই থাকে আনন্দ-বেদনার কাব্য। ২০২৩ সালের বিদায়েও না পাওয়ার বেদনা অনেক। আবার না চাইতেও পাওয়াটা দুয়ারে কড়া নেড়েছিল অনেকেরই। কবির ভাষায়- ‘আছে দুঃখ, আছে মৃত্যু বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে...।’ ‘হ্যাপি নিউ ইয়ার’।
আমাদের অধিকাংশ কর্মকাণ্ড চলে ইংরেজি সাল গণনায়। তাই খ্রিষ্টীয় বছর আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে। দিনটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায়ি বছরে অসংখ্য পাওয়ার ভিড়ে নিভে গেছে অনেক প্রাণ প্রদীপ; যারা বুদ্ধিদীপ্ত মনন দিয়ে করেছেন সমাজ বিনির্মাণ, মানব মনে হয়ে ওঠেছেন ভাস্বর, চিরস্মরণীয় যাদের ছড়ানো দ্যুতিতে আজ সঞ্চারিত নতুন প্রাণ, নতুন ভবিষ্যৎ।
গেল বছরের অনেকটা জুড়ে আলোচনায় ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা খাতের সংকট। বছরজুড়ে প্রস্তুতির পর শেষ লগ্নে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে এগোচ্ছে দেশ। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি দল বহুমুখী সমঝোতায় নির্বাচনে অংশ নিচ্ছে। আর বিদায়ি বছরে বিএনপির রাজনৈতিক সাফল্য হচ্ছে তাদের সমমনা ২৩টি দলকে যুগপৎ আন্দোলনে এক ছাতার নিচে আনা। আবার বিদায়ি বছরে বিনামূল্যের পাঠ্যপুস্তকের নিম্নমান ও ভুল নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি শিক্ষাক্রমের সমালোচনাও হয়েছে ঘুরেফিরে।
উন্নয়নে নতুনমাত্রা : বিদায়ি বছরে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যাত্রা করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান আসে সেপ্টেম্বরে। যার আনুষ্ঠানিকতা শেষ হয় ৫ অক্টোবর।
বিদায়ি বছরেই টানেল যুগে প্রবেশ করে বাংলাদেশ। ২৮ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল যোগাযোগেও নবযাত্রা ছিল গতবার। ঢাকা-কক্সবাজার রেলপথ চালু হয়েছে। রেলগাড়ির মাধ্যমে পদ্মা সেতুর দুই পাড়ের সংযোগ যোগাযোগের ইতিহাসে নতুন এক মাত্রা।
ঢাকার প্রথম মেট্রোরেলের পুরোটা সচল হয়েছে; যা শহরের যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এছাড়া ঢাকা প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের শহরে পরিণত হয়েছে। রেলপথ, সড়কপথের পাশাপাশি আকাশপথের জন্য সুখবর ছিল এবার। কারণ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ করা হয়েছে অক্টোবর মাসে। বছরের শেষে সমুদ্রবন্দর ঘিরেও আশাজাগানিয়া ব্যাপার ছিল। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনায় সৌদি আরবের একটি কোম্পানি যুক্ত হয়েছে। এতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, সৌদি আরব আসায়, বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরও যুক্ত হতে পারে।
কূটনীতিকদের দৌড়ঝাঁপ : বিদায়ি বছরে ছিল কূটনীতিকদের ব্যাপক দৌড়ঝাঁপ। জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশ নিজের আগ্রহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানান। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ছিল আলোচনার অন্যতম বিষয়।
গত জানুয়ারি থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিন শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়ানো হয়। চালুর কিছুদিনের মধ্যে এই শিক্ষাক্রম নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এর বিরুদ্ধে রাস্তায় কর্মসূচি পালন হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে বিপক্ষে কথা চলছে।
লাগামহীন বাজার এবং টালমাটাল অর্থনীতি : বছরজুড়েই ভোগ্যপণ্যের দাম নিয়ে ভুগতে হয়েছে তাদের। কখনো আলু, কখনো ডিম, কখনো মুরগির দাম ছিল আকাশছোঁয়া। সবজির বাজারে দামের আগুন লেগেই ছিল। শীতকালের শুরুতে কমার প্রবণতা থাকলেও এগুলোর দাম আবার ঊর্ধ্বমুখী। সোয়া কেজি আলুর দাম হয়ে গেছে ১০০ টাকা, যাকে দামের নতুন রেকর্ড বলছেন ক্রেতা-বিক্রেতা সবাই।
বছরজুড়ে আলোচনায় ছিল গরুর মাংসের দাম যা ৯০০ টাকা কেজি পর্যন্ত উঠে গিয়েছিল। শেষ ধাপে এসে আবার দাম কমে ৫০০ থেকে ৬০০ টাকায় চলে আসে। এছাড়া ইতিহাসে প্রথম আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। কিন্তু একটি দিনের জন্যও বাজারে তার প্রভাব পড়েনি। কাঁচাবাজার শুধু নয়, বছরজুড়ে দেশের ডলারের বাজারেও অস্থিরতা ছিল। ১ ডলার ১২৯ টাকায়ও বিক্রি হয়েছে। এর পেছনে এসেছে কারসাজির অভিযোগ। তবে সরকার বরাবরই দাবি করছে, রাশিয়ার ইউক্রেন হানার কারণে বিশ্বজুড়ে যে পরিস্থিতি তার জের টানতে হয় বাংলাদেশকে।
উচ্চ মূল্যস্ফীতির কারণে ঋণ : উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড় ঋণ ৭৩ হাজার ৯৮০ টাকা। মাথাপিছু গড় ঋণ ১৭ হাজার ৩৬৬ টাকা। ঋণগ্রস্ত পরিবার হিসাবে এই অঙ্ক আরো অনেক বেশি।
৩৭ শতাংশ মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এই খানা আয় ও ব্যয় জরিপে সারা দেশের ১৪ হাজার ৪০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, এটিই ব্যক্তির বা সাধারণ মানুষের ঋণ। ব্যক্তি ঋণ বাড়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর্থিক নির্ভরশীলতা যখন হয়, তখন ঋণের পরিমাণ বাড়বেই।
বিবিএসের খানা আয়-ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে জাতীয়ভাবে প্রতিটি পরিবারের গড় ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮০ টাকা। গড়ে পরিবারের সদস্যসংখ্যা ৪.২৬ ধরে মাথাপিছু ঋণ বেড়েছে ১৭ হাজার ৩৬৬ টাকা। ২০১৬ সালের একই জরিপে এই ঋণের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৩ টাকা। মাথাপিছু ঋণ ছিল ৯ হাজার ১৭৩ টাকা। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে প্রতিটি পরিবারের ঋণ বেড়েছে ১১১.১০ শতাংশ। ঋণগ্রস্ত পরিবারের গড়ে ঋণ জাতীয় পরিবারের ঋণের প্রায় আড়াই গুণ। ঋণগ্রস্ত পরিবারের গড় ঋণ ১ লাখ ৮৭ হাজার ৩০৮ টাকা। এসব পরিবারের মানুষের গড়ে মাথাপিছু ঋণ বেড়েছে ৪৩ হাজার ৯৬৯ টাকা।
ডেঙ্গু ছড়িয়েছে শহর থেকে গ্রামে : ডেঙ্গুজ্বর শহরের সমস্যা ছিল দীর্ঘদিন। যা শুধু বর্ষা মৌসুমেই থাকত। এবার ডেঙ্গু শহর থেকে ছড়িয়ে পড়েছে গ্রামেও। আর পরিণত হয়েছে সারা বছরের সমস্যায়। এ বিষয়ে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশারের ভাষ্য, দেশে ডেঙ্গু এখন সারা বছরের রোগ। শুধু বর্ষাকালে সীমিত থাকবে এডিস মশা, সেই বাস্তবতা বদলে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু অতীতের যেকোনো বছরের সংখ্যা ছাড়িয়েছে। গতকাল রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫৩ জন। গেল বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
রাজনৈতিক সহিংসতায় ৪২ জনের প্রাণহানি : বিদায়ি বছরে সারা দেশে ৪০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪২ জনের প্রাণহানি হয়েছে। আর এসব সহিংসতার ঘটনায় ৪ হাজার ৭৭১ জন আহত ও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বেসরকারি সংস্থাটি।
প্রতিবেদনের তথ্য তুলে ধরে অ্যাডভোকেট সাঈদুর রহমান জানান, চলতি বছরে নির্বাচনী সহিংসতার ১৩৮টি ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুখোশ পরে গুপ্ত হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ১৫টি ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অপহরণের অভিযোগ এসেছে ৮৯টি। এ বছরে পুলিশ হেফাজতে ১৭ জন, কারা হেফাজতে ১৬০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে অজ্ঞাতনামা ৩৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ি বছরে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৬২টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৩ জন। সীমান্তে বিএসএফের গুলিতে ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২ জন।
গ্যাস দুর্ঘটনা : বিদায়ি বছরে রাজধানীতে বেশ কয়েকটি গ্যাস দুর্ঘটনার ঘটনা ঘটে। গত ৭ মার্চ বিকেলে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সিদ্দিকবাজার এলাকার ‘ক্যাফে কুইন’ ভবন। বিস্ফোরণে বহুতল ভবনটির দোতলা পর্যন্ত ধসে পড়ে। এতে ২৫ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। এর দুদিন আগে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আরেক ভবনে বিস্ফোরণে ছয়জনের প্রাণ যায়।
শ্রমিক অসন্তোষ : প্রায় পাঁচ বছর দু-একটি ঘটনা ছাড়া দেশের শ্রম খাত মোটামুটি শান্তই ছিল। তবে বিদায়ি বছরের শেষ দিকে পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো ঘোষণা নিয়ে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গাজীপুর, আশুলিয়া, সাভার ও রাজধানীর মিরপুরে বিভিন্ন কারখানার শ্রমিকরা হামলা-ভাঙচুরে জড়িয়ে পড়েন। পাল্টা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীও মারমুখী হয়। পুলিশের গুলিতে প্রাণ হারান তিন শ্রমিক। কারখানায় দেওয়া আগুনের ধোঁয়ায় আটকা পড়া আরো এক শ্রমিক মারা যান।
বিশ্বের ১০ আলোচিত ঘটনা : এদিকে, বিদায়ি বছর বিশ্বেও অনেক ঘটনা বা ইস্যুও আলোড়ন তুলেছিল। যেমন- গাজা-ইসরায়েল যুদ্ধ, তুরস্ক, সিরিয়া, মরক্কো ভূমিকম্প, ইউক্রেন যুদ্ধ, টাইটানডুবি, ভারত-কানাডা দ্বন্দ্ব, রেকর্ড তাপমাত্রা, সর্বোচ্চ জনসংখ্যা, সৌদি-ইরান সম্পর্ক, আরব লীগে সিরিয়া, রাজার অভিষেক, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি।
তবে এসব পেছনে ফেলে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। দেশের পাঁচ তারকা হোটেলগুলো বিভিন্ন আয়োজন করেছে।
রাজধানীর নিকুঞ্জে ‘লা মেরিডিয়ান’-এ নতুন বছরকে স্বাগত জানাতে থাকছে ‘গ্যালাটিক নাইট’। যেখানে থাকছে গ্যালাকটিক আউরা, ইন্টারস্টেলার নিউ ইয়ার কাউন্টডাউন, কসমিক ফটোবুথ, গ্যালাকটিক ফায়ার স্পিনিং এবং এরিয়াল ডান্স পারফরম্যান্স। এছাড়া পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু’তে থাকছে ‘মিডনাইট কনফেটি’।
নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সমুদ্রপাড়ের পর্যটক নগরী কক্সবাজারও। যেখানে ছোট বড় প্রায় সব হোটেলেই থাকছে বুফে ডিনার।
কক্সবাজারের হোটেল সি ক্রাউন কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিজুড়েই তাদের হোটেলে প্রতিটি সুইট কিংবা ডিলাক্সের ওপর থাকছে ৩৫% ডিসকাউন্ট।
হোটেল সিগ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আকর্ষণীয় মূল্যে বুফে ডিনার এবং লাঞ্চের সঙ্গে থাকছে লাইভ মিউজিকও।
কক্সবাজারের বিচ পার্ক হোটেল জানিয়েছে, জানুয়ারিজুড়ে থাকবে ৪০% ডিসকাউন্ট। এছাড়াও ৯৫০০ টাকায় ২ রাত ৩ দিন থাকার সুযোগ থাকছে। এই প্যাকেজের মধ্যেই থাকবে বুফে ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট।