
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের টহল বিজিবি এক পাসপোর্ট যাত্রীর মলদ্বার থেকে ৬টি স্বর্ণেরবার (৭শ’ গ্রাম) উদ্ধার করেছে। (১১ সেপ্টেম্বর) বুধবার বেলা ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়, বুধবার বিকালের দিকে বাংলাদেশ থেকে ভারতে গমনকারী পাসপোর্টধারী যাত্রী (পাসপোর্ট নম্বর-ই০০৫২৫০৩২) মো: সোহাগ (২৩), পিতা-গোলাম মাওলা মাতবর, গ্রাম-মেহেরআলী মাতবর কান্দী, ডাকঘর-বুধেরহাট, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর এর গতিবিধি সন্দেহ হলে তার সাথে থাকা বহনীয় ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশীকালে কিছু না পাওয়া গেলেও তার সাথে কথপোকথনকালে বিজিবি তল্লাশী দলের সন্দেহ হয়। বিজিবি-দর্শনায় একটি এক্সরে রুমে নিয়ে তার দেহ চেকাপ করায়। পরে তার মলদ্বারে বিশেষ ব্যবস্থায় ৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, এ বিষয়ে চেকপোস্ট বিজিবির টহল কমান্ডার আ: জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেছে। আসামিকে দর্শনা থানায় এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।